শিলিগুড়ি পুরনিগম–এর ৪০ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র পল্লী এলাকায় হাই টেনশন ইলেকট্রিক পোল বসানোকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত বাসিন্দারা কাজ বন্ধ করে দেন।
জানা যায়, শহরজুড়ে আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজ চলছে। সেই প্রকল্পের মধ্যেই ৪০ নম্বর ওয়ার্ডের রাস্তায় নতুন করে হাই টেনশন লাইনের জন্য বিদ্যুতের খুঁটি বসানো শুরু হয়। অভিযোগ, একাধিক জায়গায় বাড়ির গেটের একেবারে সামনে খুঁটি বসানো হয়েছে, যা নিয়ে তীব্র আপত্তি জানান স্থানীয়রা।

বাসিন্দাদের দাবি, শহরের বিভিন্ন অংশে যখন বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই এলাকায় আবার নতুন করে হাই টেনশন লাইন খুঁটির মাধ্যমে টানা হচ্ছে কেন? এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তাঁদের বক্তব্য। আরও অভিযোগ, কাজের প্রতিবাদ জানাতে গেলে কিছু বাসিন্দাকে হুমকির মুখে পড়তে হয়েছে। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও কোনও সদুত্তর মেলেনি বলেও দাবি করেন তাঁরা।
এ প্রসঙ্গে পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খুব শীঘ্রই কাউন্সিলর ও এলাকাবাসীদের সঙ্গে বৈঠক করে সমস্যা শোনা হবে। ইলেকট্রিক বিভাগের সঙ্গেও কথা বলা হবে। সাধারণ মানুষের অসুবিধা হলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।”ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপাতত স্থানীয়দের বিক্ষোভের জেরে কাজ বন্ধ রয়েছে।

