বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র বক্রেশ্বর ধামে শিবরাত্রিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। লক্ষাধিক মানুষের সমাগম সামলাতে মন্দির কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন একযোগে কাজ করছে। এবারের মহাশিবরাত্রির নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ১৫ই ফেব্রুয়ারি রবিবার শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে। তিথি চলাকালীন বক্রেশ্বর শিবক্ষেত্রে ভক্তদের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।

তীর্থযাত্রীদের সুবিধার্থে মন্দির কমিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেমন, শিবরাত্রির দিন সারারাত মন্দির খোলা থাকবে যাতে দূর-দূরান্ত থেকে আসা মানুষ সুশৃঙ্খলভাবে পুজো দিতে পারেন। লক্ষাধিক পুণ্যার্থীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। মন্দির সেবাইত উন্নয়ন কমিটির ১৫ জনের একটি বিশেষ দল পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। গর্ভগৃহ থেকে দ্রুত পুজো দিয়ে বের হওয়ার ব্যবস্থা করা হচ্ছে যাতে ভিড় এক জায়গায় দীর্ঘক্ষণ আটকে না থাকে। এর পাশাপাশি শিবরাত্রির আগের দিন দেখা গেল পুরো জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব।

