গয়েরকাটা জঙ্গলের মাঝেই নির্বিঘ্নে বসে থাকতে দেখা গেল একটি চিতা বাঘকে। গাড়ির আলো পড়তেই ফের জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে চিতা বাঘ। গয়েরকাটা থেকে নাথুয়া যাওয়ার রাজ্য সড়কের মাঝে মোরাঘাট জঙ্গলে এমন চিত্র দেখা গিয়েছে বুধবার সন্ধ্যা নাগাদ। ওই রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় এক গাড়িচালকের চোখে পড়ে বিশাল আকৃতির চিতা বাঘটি। গাড়িটি চিতা বাঘের সামনে পৌঁছাতেই ধীরে ধীরে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে সে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে।

স্থানীয় বাসিন্দারা জানান অতীতেও এই রাজ্য সড়কে একাধিকবার চিতা বাঘ ও বাইসনের হামলার ঘটনা ঘটেছে। ফলে হঠাৎ রাস্তার ধারে এভাবে চিতা বাঘ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
এই রাজ্য সড়ক দিয়ে প্রতিনিয়ত রাতের অন্ধকারে বহু মোটর বাইক আরোহী যাতায়াত করেন। স্থানীয়দের মতে বুধবার সন্ধ্যায় যদি চারচাকা গাড়ির বদলে কোনো বাইক আরোহী ওই পথে যাতায়াত করতেন তবে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। দ্রুত বনদপ্তর ও প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং রাতে চলাচলের ক্ষেত্রে পর্যাপ্ত নজরদারি বাড়ানো হোক দাবি তুলেছেন এলাকাবাসীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *