জাতীয় পর্যায়ের কাবাড়ি প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করতে চলেছে ধুপগুড়ি গধেয়ারকুটি এলাকার বাসিন্দা সুচিত্রা।যা রীতিমতো গর্বের বিষয় গোটা এলাকার জন্য।
গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুচিত্রা পাটোয়ারী জাতীয় পর্যায়ে কাবাড়ি খেলায় রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে। উল্লেখযোগ্যভাবে এর আগেও সে জেলা কাবাড়ি দলের ক্যাপ্টেন ছিল। দুর্গাপুজোর আগে রাজ্যের হয়ে খেলেই নজর কাড়ে সুচিত্রা। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় মঞ্চে রাজ্য দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছে সে।

অন্যদিকে, একই এলাকার নবম শ্রেণীর ছাত্র নিলয় রায় ১৪ অনূর্ধ্ব বিভাগে রাজ্যের হয়ে কাবাড়ি খেলতে চলেছে। জানা গেছে, জলপাইগুড়ি জেলা থেকে যে দু’জন এই সুযোগ পেয়েছে, নিলয় তাদের অন্যতম। নিলয়ের বাবা একজন রাজমিস্ত্রি মজুর। সীমিত আয়ের মধ্যেও ছেলের পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাচ্ছেন তিনি।
এই দুই পড়ুয়ার সাফল্যে খুশি গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের তরফ থেকে পড়ুয়াদের হাতে আর্থিক সাহায্য ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের টিআইসি হিরণ্ময় রায় জানিয়েছেন, জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতা পেরিয়ে এই সুযোগ মিলেছে। আগামী ৬ জানুয়ারি ও ১৬ জানুয়ারি বেঙ্গালুরুতে জাতীয় পর্যায়ের কাবাড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদী, ভবিষ্যতে সুচিত্রা ও নিলয় আরও বড় সাফল্য অর্জন করে রাজ্য ও জেলার নাম উজ্জ্বল করবে।

