বুলডোজার ইস্যুতে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া। তাঁর দাবি, “বুলডোজার দিয়ে তৃণমূলকে নয়, বিজেপিকেই উৎখাত করবে মানুষ”। মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসি-র বিজেপি প্রার্থী রাজু পাত্রের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এই মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বিজেপি প্রার্থী রাজু পাত্র বুলডোজার নিয়ে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে রওনা দেন। তবে বর্ধমান স্টেশন মোড়ে পুলিশ প্রশাসনের তরফে সেই বুলডোজার আটকে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়ায়।

এদিকে, ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁঝ। মঙ্গলবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাসের সমর্থনে প্রচারে নামেন জুন মালিয়া। হুড খোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে শহরের ৫ নম্বর ওয়ার্ডের আলুডাঙা, ৪ নম্বর ওয়ার্ডের বাজেপ্রতাপপুর এলাকায় প্রচার চালান তিনি। পরে ৬ নম্বর ওয়ার্ডের লোকো কোয়ার্টারেও পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
বিশেষ করে হিন্দিভাষী ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁদের কাছে তৃণমূল প্রার্থীকে সমর্থনের আবেদন জানান জুন মালিয়া। পাশাপাশি এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, “আইনের উপর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন”।
সমগ্র ঘটনায় স্পষ্ট, নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক তরজা আরও তীব্র হয়ে উঠছে এবং প্রচারে বাড়ছে আক্রমণ-পাল্টা আক্রমণের সুর ……

