বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী-সমর্থক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সোমবার সকালে দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাড়ির অফিসে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী উদয়ন গুহ।
তৃণমূল কংগ্রেসের দাবি, এই যোগদানের ফলে এলাকায় দলের সংগঠন আরও মজবুত হল। নবাগত কর্মীরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়েই তাঁরা পুনরায় তৃণমূলে ফিরেছেন।

জানা গিয়েছে, দিলীপ চাকলাদার ও বিক্রম কুমার বর্মন একসময় তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে অভিমান ও ক্ষোভের কারণে তাঁরা বিজেপিতে যোগ দেন। তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের নিজেদের পুরনো দলে ফিরে এলেন তাঁরা। উদয়ন গুহ বলেন, “ঘরের ছেলেরা ঘরেই ফিরল। তাঁদের যোগদানে আমাদের সংগঠন আরও শক্তিশালী হল।”

