শিলিগুড়িতে ভর সন্ধ্যায় বিয়ারের বোতল ভেঙে এক যুবককে গুরুতর জখম করার ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তিলশংকর মুখিয়া। ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ৩৪ নম্বর ওয়ার্ডের শহীদ কলোনিতে শুক্রবার সন্ধ্যায় পুরোনো বিবাদকে কেন্দ্র করে বিদ্যুৎ দে-র সঙ্গে প্রতিবেশী তিলশংকর মুখিয়া ও শংকর মুখিয়ার বচসা বাধে। অভিযোগ, বচসা চরমে পৌঁছালে তিলশংকর মুখিয়া হঠাৎই বিয়ারের বোতল দিয়ে বিদ্যুৎ দে-র পেট, বুক ও গলায় একাধিক আঘাত করে।

গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বিদ্যুৎ দে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।ঘটনার পর অভিযুক্ত শংকর মুখিয়া এলাকা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায়। অবশেষে কয়েক ঘণ্টার মধ্যেই ডিএস কলোনি এলাকা থেকে তিলশংকর মুখিয়াকে গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ধৃত অভিযুক্ত এর আগেও একাধিকবার অনুরূপ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *