পানীয় জলের দাবিতে রাস্তায় খালি কলসি, বালতি রেখে পথ অবরোধ ক্ষুব্ধ গ্রামবাসীদের।
ত্রিপুরা উত্তর জেলা কদমতলা ব্লক এলাকার সরসপুর গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে মঙ্গলবার পুরুষ – মহিলা একসাথে মিলিত হয়ে পথ অবরোধ করে প্রতিবাদ সংঘটিত করে।
ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের গ্রামে পানীয় জলের তীব্র সংকট এই বিষয়টি নিয়ে গ্রামবাসীদের তরফ থেকে একাধিকবার স্থানীয় গ্রামপঞ্চায়েতে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি।

জল সরবরাহকারী পাম্প অপারেটরকেও বারবার অবহিত করা হলেও তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্রামবাসীদের সমস্যার সমাধানে কোন উদ্যোগ নেননি বলে ক্ষোভের সাথে অভিযোগ করে জানিয়েছেন গ্রামবাসীরা। যার কারণে বাধ্য হয়ে মঙ্গলবার কদমতলা থেকে সরলা যাওয়ার প্রধান রাস্তায় খালি কলসি ও বালতি রেখে গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে আন্দোলনে সামিল হন বলে জানাগিয়েছে । প্রায় দুই ঘণ্টা অবরোধ চললেও সংশ্লিষ্ট দপ্তরের কোনও আধিকারিক বা স্থানীয় জনপ্রতিনিধি কেউই ঘটনাস্থলে উপস্থিত হননি বলে অভিযোগ গ্রামবাসীদের। পরবর্তী সময় খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ গ্রামবাসীরা। এদিকে , গ্রামবাসীদের এই অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

