কোটি টাকার সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ‘পথশ্রী-৪’ প্রকল্পের অধীনে হওয়া রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন বিষ্ণুপুরের বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন।গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পল্লী উন্নয়ন সংস্থা ক্লাব থেকে রাজু শাহুর বাড়ি পর্যন্ত ২,২৯০ মিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। যার জন্য সরকারি বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৩৪ লক্ষ ৩৮৯৯ টাকা। কিন্তু কাজ চলাকালীন এলাকার সাধারণ মানুষ লক্ষ্য করেন, ঢালাই করার মাত্র ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যেই রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা দিচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, কাজের গুণমান নিয়ে শুরু থেকেই নয়ছয় করা হচ্ছে। সিডিউল অনুযায়ী যেখানে রাস্তার বেধ বা পুরুত্ব ৬ ইঞ্চি হওয়ার কথা, সেখানে ঠিকাদার সংস্থা মাত্র ৪ ইঞ্চি ঢালাই দিচ্ছে। অভিযোগ উঠছে:অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট না দিয়ে বালি ও খোয়ার আধিক্য রাখা হয়েছে। বেধ কমিয়ে দিয়ে সরকারি অর্থের তছরুপ করা হচ্ছে। দীর্ঘদিন প্রতীক্ষিত এই রাস্তার এমন বেহাল দশা দেখে ক্ষোভে ফুটছেন গ্রামবাসীরা। তাঁদের সাফ কথা, সরকারি টাকার অপচয় করে এই ধরণের নিম্নমানের কাজ তাঁরা মেনে নেবেন না। কাজের মান সংশোধন না হওয়া পর্যন্ত তারা কাজ এগোতে দেবেন না বলে জানিয়েছেন। বর্তমানে রাস্তার কাজ সম্পূর্ণ বন্ধ। গ্রামবাসীদের দাবি, যথাযথ সরকারি নজরদারিতে সিডিউল মেনে গুণমান বজায় রেখেই যেন নতুন করে রাস্তাটি করা হয়।

