এমতাবস্থায় গরমের দাপটের মধ্যেই বড় স্বস্তি পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (South Bengal)। আবহাওয়া দপ্তরের দুর্যোগের আশঙ্কাকে সত্যি করেই গতকাল রাতে কালবৈশাখীর তাণ্ডব শুরু হল গোটা রাজ্যে। ঝড় বৃষ্টির জেরে একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা। আশঙ্কা করা হচ্ছে আগামীকালও সেই দুর্যোগ (Weather Tomorrow) এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকবে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। আর এই অক্ষরেখা ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে। সেই কারণে বঙ্গের আবহাওয়ায় দুর্যোগের আশঙ্কাও বেশ বেড়েছে। তাই আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছে যে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দুর্যোগের প্রবল আশঙ্কা পরিলক্ষিত হয়েছে। তার সঙ্গে ভারী বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল থেকেই মূলত মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়তেই হালকা রোদের আভা দেখা গেলেও বিকেল থেকেই মেঘের আনাগোনা দেখা যাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড় বইতে পারে। তাই এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

