নেশার করিডোর হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা। পুলিশ প্রশাসন প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান জারি রাখলে ও নেশার পাচার বাণিজ্য কিছুতেই বন্ধ করতে পারছে না। আবারো আগরতলা জিআরপি থানার পুলিশ, এবং আগরতলা আর পি এফ মিলে ১ জন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করেছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট
৮.১১০ কে জি শুকনো গাঁজা , যেগুলি তার ১টি হাতের ব্যাগের মধ্যে রাখা ছিল । গাঁজাগুলি ধৃত কুখ্যাত নেশা পাচারকারী আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহি:রাজ্য উত্তর প্রদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যেতে চেয়েছিল বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। অভিযুক্ত কুখ্যাত নেশা পাচারকারীর বিরুদ্ধে আগরতলা জিআরপি থানাতে একটি এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলাতে আরো অনেক নেশা পাচারকারী গ্রেফতার হতে পারে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস।

বাজেয়াপ্ত গাঁজাগুলি উত্তর প্রদেশে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা বিক্রি হতে পারে বলে ধৃত নেশা পাচারকারী জি আর পি থানার পুলিশকে জানিয়েছে। ধৃত নেশা পাচারকারীর নাম
ইমাম উদ্দীন, বয়স ৫৮, বাড়ি -বিহার রাজ্যের চাপড়া জেলায়। সেই সাথে গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ১০.৫০০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি আগরতলা জিআরপি থানার পুলিশ। যার বাজার মূল্য ১ লক্ষ ৫৭ হাজারের উপর হবে বলে জানা গিয়েছে। এই নেশা পাচারে আগরতলা রেলওয়ে স্টেশনের কর্মীরা যুক্ত থাকতে পারে বলে জানা গিয়েছে।ঘটনার তদন্তে নেমেছে আগরতলা জিআরপি থানার পুলিশ।

