পানীয় জলের দাবিতে বৃষ্টি মাথায় নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। দীর্ঘ পাঁচ বছর ধরে তীব্র জল সংকটে ভুগছেন তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বড়ো শালবাড়ি তল্লিগুরি শিববাড়ি গ্রামের বাসিন্দারা। এই অবস্থায় পরিশ্রুত পানীয় জলের দাবিতে সোমবার তল্লিগুড়ি শিববাড়ি চৌপথি সংলগ্ন এলাকায় কামাখ্যাগুড়ি-হরিপুর সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করে বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ দেখান এলাকা বাসিন্দারা। তাদের দাবি পরিস্রুত পানীয় জলের অভাবে বাধ্য হয়ে গভীর নলকূপের আয়রন যুক্ত জল খেতে হয় তাদের। সেই জল খেয়ে অনেকেই চর্ম রোগ ও পেটের অসুখে ভুগছেন বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে দুই কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে এসে খেতে হয় তাদের। অনেকে আবার জলের অভাবে বাধ্য হয়ে গভীর নলকূপের আয়রন যুক্ত জল খেতে হচ্ছে বলে অভিযোগ।

বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে জানান তারা। তাদের আরো অভিযোগ এলাকায় কিছু অংশে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে পানীয় জলের পাইপ লাইন বসালেও বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিন পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভের জেরে কামাখ্যাগুড়ি হরিপুর সংযোগকারী রাজ্য সড়কের ওপর যানজট সৃষ্টি হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ এসে বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ তুলতে নারাজ।বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত পিএইচইর দপ্তরের আধিকারিকরা এসে তাদের আশ্বস্ত না করে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানান তারা। পরবর্তীতে ঘটনাস্থলে আসেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ওয়ার্ক এসিস্ট্যান্ট সুরোজ ডাকুয়া। তিনি এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

