ফুলহর এবং কালিন্দ্রী নদীর জলে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় সেচ দপ্তরকে কাজে নামার আবেদন জানালেন গ্রামবাসীরা। জানা গেছে, মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর, লস্করপুর, মহব্বতপুর, লক্ষ্মীকোলের মতো বেশ কয়েকটি এলাকায় হাজার মানুষের বসবাস। ঐ এলাকার একদিকে ফুলহর নদী এবং অন্য দিকে রয়েছে কালিন্দ্রী নদী। বর্তমানে দুটি নদীই ফুলে ফেঁপে উঠেছে। ফলে গত কয়েক দিনে দুটি নদী সংলগ্ন বিভিন্ন অসংরক্ষিত এলাকায় জল ঢুকতে শুরু করেছে।

ইতিমধ্যে জল ঢুকেছে বেশকিছু চাষের জমিতে। রবিবার রাতে লস্করপুর এলাকায় কালিন্দী নদীর জল গ্রামে ঢোকার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে বালির বস্তা ফেলে সেই জল আটকে রেখেছেন। তাই তারা যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবী জানান গ্রামবাসীরা। এ প্রসঙ্গে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মন্ডল এবং মানিকচকের সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা জানান, পরিস্থিতি ভয়াবহ। যেকোন মুহুর্তে ফুলহর এবং কালিন্দী নদীর জলে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই তারা ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি মোকাবিলার দাবী জানিয়েছেন।

