শিলিগুড়ি সংঘতি মোড়ের বাসিন্দা মনোজ মোহন সেন শর্মা প্রায় ৩৭ লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন। পোহেলগাঁও হামলায় জড়িত থাকার অভিযোগে ভুয়ো পুলিশ পরিচয়ে এক চক্র তাকে প্রতারণার জালে ফেলে এই অর্থ হাতিয়ে নেয়।
জানা গেছে, গত ৪ আগস্ট মনোজ বাবুর কাছে একটি ফোন আসে। নিজেকে পোহেলগাঁও থানার পুলিশ পরিচয় দিয়ে ফোনের অপর প্রান্ত থেকে জানায়, তিনি নাকি পাকিস্তানের হয়ে কাজ করেছেন এবং হামলার সাথে যুক্ত। দ্রুত অনলাইন অ্যারেস্ট হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দিতে হবে—এমন হুমকি দেওয়া হয়।

প্রথমে তিনি সন্দেহ প্রকাশ করলে ভিডিও কল করে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি ও পেছনে অশোক স্তম্ভ দেখানো হয়। টানা তিন দিন ধরে একাধিক বার ফোন করে নানা ভাবে ভয় দেখানো হয় এবং কাউকে বিষয়টি না জানানোর জন্য সতর্ক করা হয়।
শেষে বলা হয়, শুধুমাত্র আরবিআই-এর সম্পদে তদন্ত করালেই গ্রেফতার এড়ানো যাবে। একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংস্থার অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখানে আটটি জিএসটির মাধ্যমে মোট প্রায় ৩৭ লক্ষ টাকা পাঠাতে বাধ্য করা হয়।
ঘটনা প্রকাশ্যে আসতেই মনোজ বাবু বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। এরপর শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে সাইবার ক্রাইমের পুলিশ।

