কাজের থেকে কাটমানি নয়, এবার গ্রাম পঞ্চায়েতের গোটা রাস্তা এবং নিকাশি নালার টাকা আত্মসাৎ-এর অভিযোগ সামনে এসেছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে। উন্নয়নমূলক কাজে নেতাদের কাটমানি নেওয়ার অভিযোগ প্রায় সময়ই শোনা যায় কিন্তু এবারে কাজ না করে আস্ত একটি রাস্তা এবং নিকাশি নালার টাকা হাপিস করে দেওয়ার মতো ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কুমারগ্রাম ব্লক জুড়ে। অভিযোগ গোটা একটা রাস্তা এবং নিকাশি নালার টাকা হাপিস করে দিয়েছে ভুটান সীমানা ঘেষা এন কে এস গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধান এবং গ্রাম পঞ্চায়েত কর্মীদের একাংশ।

কাজ না করিয়ে ভুয়ো বিল বানিয়ে সরকারি টাকা আত্মসাৎ-এর অভিযোগ এন কে এস গ্রাম পঞ্চায়েত প্রধান কারম চাঁদ লোহারা, নির্মাণ সহায়ক এবং নির্বাহী সহায়কের বিরুদ্ধে। প্রধান ঘনিষ্ঠ ঠিকাদারের সঙ্গে জোক-সাজস করে পাঁচ লক্ষের বেশি টাকার ভুয়ো বিল বানিয়ে নিজেদের মধ্যে টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছে প্রধান এবং গ্রাম পঞ্চায়েত কর্মীদের একাংশ। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা করণ টোপ্প কুমারগ্রামের বিডিও কে লিখিত অভিযোগ করেছেন এবং এর প্রতিলিপি পাঠানো হয়েছে জেলা শাসক এবং মুখ্যমন্ত্রীকে।
চাপের মুখে ঠিকাদার সংস্থা নিকাশি নালার কাজে তরিঘরি হাত লাগিয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। করণ টোপ্পর অভিযোগ শুধু একটি রাস্তা এবং একটি নিকাশি নালা নয়, ভুয়ো বিল বানিয়ে সরকারি টাকা আত্মসাৎ-এর তালিকায় রয়েছে একাধিক প্রকল্প । এই বিষয়ে এন কে এস গ্রাম পঞ্চায়েতের প্রধান কারম চাঁদ লোহারা, নির্মান সহায়ক এবং নির্বাহী সহায়ককে ফোন করা হলে তারা ফোন তুলেননি। পাশাপাশি কুমারগ্রামের বিডিও রজদ কুমার বলিদাকে ফোন করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

