উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেডিও থেরাপি ও ইনটিগ্রেটেড অনকোলজি বিভাগের করিডরে ঘটে গেল রীতিমতো মর্মান্তিক ঘটনা। হাসপাতালের করিডরে থাকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ খুবলে খেল পথ কুকুর। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে ছিল দেহের ক্ষতবিক্ষত অংশ ও রক্ত।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে সাফাইকর্মীরা প্রথমে দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। পরে মৃতদেহটি দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ আউটপোস্টের পুলিশও।

হাসপাতাল সুপার জানান, “উত্তরবঙ্গ মেডিক্যালে বর্তমানে ১৫০-রও বেশি কুকুর রয়েছে। এর আগে একাধিকবার বৈঠক করে সারমেয়দের সরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কিছুদিন পর ফের একই অবস্থা ফিরে আসে।”
এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠছে। কেন মৃতদেহ দীর্ঘ সময় করিডরে পড়ে ছিল? কীভাবে কুকুর সেখানে পৌঁছল? হাসপাতালের ভিতরে এমন ঘটনা প্রশাসনিক ব্যর্থতা নয় কি— উঠছে এমনই একের পর এক প্রশ্ন।

