ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে কুৎসা প্রচার করায় কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে বিজেপি যুব মোর্চার কর্মীদের তাণ্ডব! বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা! তাদেরকে বাঁচাতে গেলে আক্রান্ত হয় পুলিশও। সব মিলিয়ে রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে আগরতলা শহরে।
আগরতলা শান্তিপাড়া মসজিদ পট্টি এলাকার বাসিন্দা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলাম সামাজিক মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নামে কুৎসা প্রচার করায় ক্ষোভে ফেঁটে পড়েন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার কর্মীরা। গভীর রাতে বিজেপির যুব মোর্চার কর্মীরা একত্রিত হয়ে কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামকে গ্রেফতারের দাবিতে তার বাড়িতে তান্ডব চালায়।

ভেঙ্গে চুরমার করা হয় তার ঘরের জিনিসপত্র। বিজেপি যুব মোর্চার কর্মীদের হাত থেকে অল্পেতে রক্ষা পেল কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলাম সহ তার পরিবারের লোকজনরা। ঘটনার খবর পেয়ে রাতেই কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে ছুঁটে যায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা। পরবর্তী সময়ে পুলিশের সামনেই বিজেপি যুব মোর্চার কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। গো ব্যাক স্লোগান দেওয়া হয় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে। কংগ্রেস নেতৃত্বদের বাঁচাতে গেলে বিজেপি যুব মোর্চার কর্মীদের দ্বারা আক্রান্ত হন আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এই ঘটনায় বর্তমানে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে আগরতলা শান্তিপাড়া মসজিদ পট্টি এলাকায়।

