ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চারটি দোকান। ঘটনাটি ঘটেছে কৈলাসহর ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের বিপরীতে। যেখানে অবস্থিত ছিল ঠান্ডা পানীয়, আইসক্রিম এবং বৈদ্যুতিক সরঞ্জামের দোকান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালবেলা আচমকাই দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই ভয়াবহ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক দপ্তরের সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। আগুন প্রথমে ববি সেন নামে এক ব্যবসায়ীর দোকানে লাগলে ও তা দ্রুত পাশের লাইব্রেরি, ঔষধের দোকান ও একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অগ্নিনির্বাপক দপ্তরের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা ও এই ভয়াবহ আগুন নেভানোর কাজে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের সাহায্য করেন। তবুও দুঃখজনকভাবে চারটি দোকান সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়ে যায়। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেলেও এই ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীটা। এদিকে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলের আশপাশের রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, যার ফলে কৈলাসহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। তাঁদের অনেকেরই সব সঞ্চয় বিনিয়োগ করা ছিল এই দোকানগুলিতে। আগুনে সব কিছু পুড়ে যাওয়ার পর তাঁরা বুঝে উঠতে পারছেন না, কীভাবে আবার নতুন করে সব শুরু করবেন।

