আধুনিক পরিকাঠামো ও উন্নত নাগরিক পরিষেবার লক্ষ্যে একের পর এক উদ্যোগ নিচ্ছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগমের নতুন ভবনের উদ্বোধন হয়েছে। নতুন ভবনে মেয়র, ডেপুটি মেয়র, এমএমআইসি এবং কাউন্সিলরদের জন্য আলাদা কক্ষ, পাশাপাশি আধুনিক সভাকক্ষও তৈরি করা হয়েছে।
শুধু কার্যালয়ের উন্নয়নই নয়, নাগরিক পরিষেবার মানোন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে পৌর কর্পোরেশন। সেই লক্ষ্যে মঙ্গলবার শিলিগুড়ি পৌর কর্পোরেশন কার্যালয়ে সবুজ পতাকা নেড়ে বায়ো টয়লেট গাড়ি, রিকভারি ভ্যান, স্কাইল্যাডার গাড়ি এবং দুটি অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এমএমআইসি দুলাল দত্ত, মানিক দে, কমল আগারওয়াল সহ বিভিন্ন কাউন্সিলররা। শিলিগুড়ি পৌরনিগমের ৬ নম্বর এবং ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাতে দুটি অ্যাম্বুলেন্সের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।
এদিন বায়ো টয়লেট গাড়ির যাত্রারও সূচনা হয়। এতদিন পৌরনিগমের কোনও গাড়ি খারাপ হলে ভাড়ায় রিকভারি ভ্যান এনে গাড়ি গ্যারেজে নিয়ে যেতে হতো। সেই সমস্যার সমাধানে এবার পৌরনিগম নিজস্ব রিকভারি ভ্যান কিনেছে। পাশাপাশি বৈদ্যুতিক বাতি পরিবর্তন ও জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য বহুমূল্যের স্কাইল্যাডার গাড়িও যুক্ত করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে শহরে নামানো হয়েছে সোলার সিস্টেমযুক্ত আধুনিক বায়ো টয়লেট গাড়ি। নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বারের ব্যবস্থা করা হয়েছে এই বায়ো টয়লেটে। মেয়র গৌতম দেব জানান, প্রয়োজনীয় যানবাহন ও পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিক পরিষেবাই শিলিগুড়ি পৌরনিগমের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শহরের সার্বিক উন্নয়নে একাধিক নতুন উদ্যোগ নেওয়া হবে।

