নির্বাচন কমিশনের ‘এসআইআর’ (SIR) হিয়ারিং বা শুনানির পদ্ধতি নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আলিনগর গ্রামের বাসিন্দারা। সোমবার সকালে বর্ধমান–ফুটিসাঁকো বাদশাহী রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচন কমিশন বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বেশি করে নোটিশ পাঠাচ্ছে। পাশাপাশি, রাত পর্যন্ত শুনানি চলায় সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি আন্দোলনকারীদের। তাঁদের আরও দাবি, দূরবর্তী স্থানে ডেকে না নিয়ে প্রতিটি পঞ্চায়েত এলাকায় এসে শুনানি করা হোক।

সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে আলিনগর গ্রাম। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করায় গুরুত্বপূর্ণ বাদশাহী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে এই অবরোধ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর দাবি-দাওয়া খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বেলা ১১টা ৩০ নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। গ্রামবাসীদের হুঁশিয়ারি, এই হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *