ময়নাগুড়ি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল শুরু হয়েছে। ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতে শাসক দল তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়ে শক্তিবৃদ্ধি করল বিজেপি।রবিবার রামশাইয়ের কাজলদীঘি ১৬/০৪ বুথের ঘেগাডাবড়ি এলাকায় একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে তৃণমূলের নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ১০টি পরিবারের মোট ২৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান রামসাই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান চন্দ্রমোহন রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ।দলত্যাগী ভোটার পবিত্র রায় সংবাদমাধ্যমকে জানান, “তৃণমূলের অভ্যন্তরীণ দুর্নীতি ও কোনো কর্মসংস্থা নেই এবং এলাকায় চলা দলীয় সন্ত্রাসের পরিবেশ থেকে মুক্তি পেতেই আমরা দল ছাড়লাম। নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে, তাতে অনুপ্রাণিত হয়েই আজ বিজেপিতে সামিল হওয়া।”অন্যদিকে, এই যোগদান প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির রামসাই অঞ্চল কনভেনার সুনীল রায় বলেন, “মানুষ তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চাইছে। কাজলদীঘি বুথের এই ছবিই বলে দিচ্ছে ২০২৬-এ ময়নাগুড়িতে বিজেপি বিপুল ব্যবধানে জয়ী হবে।” রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে তৃণমূলের এই শক্তিক্ষয় শাসক শিবিরের কপালে চিন্তার ভাঁজ বাড়াতে পারে।

