শিলিগুড়ির হাসমি চকে তৃণমূল কংগ্রেসের গণ-অবস্থান কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তৃণমূল নেতৃত্ব বিজেপি এবং নির্বাচন কমিশন-এর বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলে।
তৃণমূলের দাবি, বাংলার বহু বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। তাদের অভিযোগ, বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে একের পর এক নাম বাদ দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেই অভিযোগ দলের। এই গণ-অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি পৌরনিগমের একাধিক কাউন্সিলর এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।

কর্মসূচির পাশাপাশি হাসমি চকে একটি বিশেষ ক্যাম্পেরও আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। জানা গিয়েছে, দার্জিলিং লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই ২২ হাজারেরও বেশি ভোটারের নাম কাটা পড়েছে বলে দাবি দলের। পাশাপাশি শিলিগুড়ি বিধানসভা এলাকায় প্রায় ৪০ হাজার ভোটারের নাম বর্তমানে ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে বলেও অভিযোগ তৃণমূলের।
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ভোটারদের পাশে দাঁড়াতে তৃণমূলের লিগ্যাল সেলের উদ্যোগে ক্যাম্প করা হয়, যেখানে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারেন। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, আগামী দিনেও এই ধরনের ক্যাম্প দলীয় কার্যালয় থেকে চালিয়ে যাওয়া হবে।

