বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মালদার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল দুই পরীক্ষার্থী। তাদের মধ্যে একজনের নাম আবিডা পারভিন। সে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের ছাত্রী। তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে হবিবপুর ব্লকের শ্রীরামপুর হাইস্কুলে। বৃহস্পতিবার সে কালিয়াচকের গোলাপগঞ্জের মহব্বতপুর এলাকা থেকে পরীক্ষা দিতে যাচ্ছিল।

কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে ভরতি করা হয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। এরপর সেখানেই হাসপাতালের বেডে বসে সে প্রথম দিনের প্রথম পরীক্ষা দেয়। পাশাপাশি এদিনই আরও এক পরীক্ষার্থী বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেয়। জানা গেছে, ওই পরীক্ষার্থীর নাম বৃষ্টি পোদ্দার। বাড়ি মুচিয়া মহাদেবপুর এলাকায়। সে আইহো হাইস্কুলের ছাত্রী। পরীক্ষার সিট পড়েছে শ্রীরামপুর হাইস্কুলে। তবে বুধবার থেকে সে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বৃহস্পতিবার হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয়।

