এবার হাটেও বসছে চিকিৎসকরা ! রমরমিয়ে চলছে তাদের চিকিৎসা পরিষেবা। দেদারে বিক্রি হচ্ছে ওষুধ। কিন্তু সেই চিকিৎসকদের নেই কোন ডিগ্রি,নেই কোন লাইসেন্স। এক কথায় তারা ভুয়ো চিকিৎসক। কিন্তু গ্রামের সহজ সরল গরীব মানুষদের চিকিৎসক ভেবে ঠকছে। ভয়ানক এই ছবি সামনে আসার পর প্রশ্নের মুখে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে গোবরাঘাট হাটে এই ছবি সামনে এসেছে। চলছে দাঁতের চিকিৎসা। এমনকি দাঁত তোলা হচ্ছে। গ্রামের মানুষ সস্তায় চিকিৎসা পাচ্ছে ভেবে সেখানে আসছে। কিন্তু যেখানে রীতিমতো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

চিকিৎসকরা নিজেরাই বলছেন তাদের কাছে কোন কাগজ নেই। তারা প্র্যাকটিস করতে করতে শিখেছে। কিন্তু প্রশ্ন উঠছে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের কি নজর পড়ছে না ? কেন পদক্ষেপ নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর ? শুধু এই হাট নয়। পার্শ্ববর্তী তুলসিহাটা, চাঁচল, সামসি সব হাটেই এই চিকিৎসকদের রমরমা। কবে এই সব চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে প্রশাসন প্রশ্ন থেকেই যাচ্ছে। বিজেপির অভিযোগ মানুষের জীবন নিয়ে খেলা চলছে। যদিও তৃণমূলের দাবি এরকম চললে প্রশাসন অবশ্যই দ্রুত পদক্ষেপ নেবে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

