স্মার্ট মিটার চালুর নির্দেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দার্জিলিং জেলা কংগ্রেসের উদ্যোগে শহরের রাস্তায় নামল প্রতিবাদ মিছিল। এই মিছিলের সূচনা হয় দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয় থেকে এবং শেষ হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড (WBSEB) অফিসের সামনে।
কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়, স্মার্ট মিটার বসানোর ফলে বিদ্যুৎ বিলের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, যার ফলে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা বাড়বে। সেই কারণেই স্মার্ট মিটার চালুর সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি তোলা হয়।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুবিন ভৌমিক। তিনি বলেন, “এই আন্দোলন এখন শুধুমাত্র দার্জিলিং জেলায় সীমাবদ্ধ নয়, বরং সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাসুল দেশের মধ্যে সবচেয়ে বেশি। সাধারণ মানুষের পকেটে আরও চাপ পড়বে স্মার্ট মিটার চালু হলে। আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছি।”
এদিন কংগ্রেস নেতারা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দেন। সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন জারি থাকবে বলেও জানান কংগ্রেস নাতারা।

