ধূপগুড়িবাসীর জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব স্থায়ী ভবনে স্থানান্তরিত হতে চলেছে ধূপগুড়ি মহকুমা শাসকের কার্যালয়। এতদিন ধূপগুড়ি বিডিও অফিসে অস্থায়ী পরিকাঠামো থেকে প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হলেও, এবার থেকে তা ধূপগুড়ি সুপার মার্কেটে একটি ভবনে পুরোদমে কাজ চালু হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, একটি উপযুক্ত স্থায়ী কার্যালয়ের জন্য দীর্ঘ দিন ধরেই খোঁজখবর চলছিল।

শেষ পর্যন্ত সুপার মার্কেটে একটি ভবনকে মহকুমা শাসকের কার্যালয় হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভবনটিকে আধুনিক প্রশাসনিক কাজের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে এস.আই.আর শুনানির কাজ এই নতুন ভবনে শুরু হয়ে গিয়েছিল। বিডিও অফিস চত্বর থেকে যে সমস্ত সাধারণ পরিষেবা পাওয়া যেত, এখন থেকে তার সবটুকুই মিলবে এই নতুন ঠিকানায়।
ধূপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা জানিয়েছেন, “নতুন ভবনে ইতিমধ্যেই প্রশাসনিক কাজ শুরু হয়েছে। আগামী সোমবার থেকে সাধারণ মানুষ সমস্ত রকম পরিষেবা এই পূর্ণাঙ্গ অফিস থেকেই পাবেন।”

