জলপাইগুড়ি বালা পাড়ায় জলমগ্ন মাঠে স্কুল যাতায়াত দুর্ভোগ, দাবি পূরণ না হওয়ায় স্কুলের গ্যাটে অবিভাবকরা তালা ঝুলিয়ে দিল। তৃণমূল নেতার হস্তক্ষেপে ধুন্ধুমার পরিস্থিতি স্কুল চত্বরে। জলপাইগুড়ি সদর ব্লকের বালা পাড়া বিবেকানন্দ পল্লীর ধর্মদেব হাইস্কুল ও তিস্তাচর এসপি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষায় হাঁটু সমান জলে ডুবে থাকায় পড়ুয়া ও শিক্ষকদের যাতায়াতে নিত্য দিন চরম দুর্ভোগ চলছে। সাত দিন আগে স্কুল কর্তৃপক্ষকে প্রশাসন আশ্বাস দিয়েছিল—তিন দিনের মধ্যে মাঠের এক পাশ দিয়ে পাথর-বালি ফেলে উচু করে হাঁটার রাস্তা তৈরি করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বুধবার সকালে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের গ্যাটে তালা ঝুলিয়ে দেন।

অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন ছোট ছোট পড়ুয়ারা ভিজে বই-খাতা নিয়ে স্কুলে পৌঁছাচ্ছে, সারাদিন ভেজা পোশাকে বসে ক্লাস করতে হচ্ছে, ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। তাঁরা স্পষ্ট জানিয়েছেন—রাস্তা না হলে তালা খোলা হবে না। এদিন ঘটনাস্থলে এসে স্থানীয় এক তৃণমূল নেতা তালা খোলার চেষ্টা করলে আন্দোলনরত মহিলা অভিভাবকদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে স্কুলের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই নেতার দাবি, তার সন্তানও এই স্কুলে পড়ে, তাই পড়াশোনা বন্ধ রাখতে তিনি রাজি নন। অন্য দিকে অভিভাবকরা অভিযোগ করেন, তাঁর মদতে কয়েক জন বিক্ষোভ ভাঙার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, বহুবার বিডিও অফিস ও পঞ্চায়েতে মাঠ ভরাট ও নিকাশি ব্যবস্থার দাবি জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি। অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যার সমাধানে ফের উদ্যোগ নেওয়া হবে।

