সিপিআইএম দলীয় কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল সিপিআইএম দলের নেতা-কর্মীরা। গভীর রাতে ত্রিপুরা সিপাহীজলা জেলা সিপিআইএম নলছড় অঞ্চল কমিটি অফিসে চোরের দল হানা দিয়ে অফিসের চেয়ার, টেবিল, কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। রবিবার রাতে পার্টি অফিসের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে প্রাতঃভ্রমণকারীদের নজরে আসে এমন ঘটনা। সিপিআইএমের এই দলীয় কার্যালয়ে আগেও ১৮ থেকে ১৯ বার অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে বলে সিপিআইএম দলের নেতা-কর্মীদের তরফ থেকে অভিযোগ উঠেছে।

গত ৬ মাস ধরে সিপিআইএম দলের দলীয় কার্যালয় মেরামত করে এলাকায় জনসংযোগ কর্মসূচি চালু করা হয়। এর মধ্যেই চুরির ঘটনা ঘটল ঐ কার্যালয়ে। এদিন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সোনামুড়া মহকুমা কমিটি ও নলছড় অঞ্চল কমিটি এই চুরির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নলছড় বাজারে হাতে লাল ঝান্ডা নিয়ে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। বিক্ষোভ মিছিলটি সোনামুড়া-আগরতলা সড়ক পরিক্রমা করে সিপিআইএম নলছড় অফিসের সামনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন নলছড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তপন দাস সহ সিপিআইএম দলের অন্যান্য কর্মী-সমর্থকরা।

