আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, শূন্যপদ পূরণ এবং পরিকাঠামো উন্নয়নকে বড় ইস্যু করলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। নির্বাচনী প্রচার সভা থেকে তিনি একাধিক প্রতিশ্রুতি তুলে ধরেন। শংকর ঘোষ বলেন, জল, বিদ্যুৎ, রাস্তা, নিকাশি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো মৌলিক পরিষেবার পাশাপাশি সরকার পরিচালনার অন্যতম প্রধান স্তম্ভ হল রাজ্যের সরকারি কর্মচারীরা। স্থায়ী, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের অবদান ছাড়া প্রশাসন কার্যত অচল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন স্তরের কর্মচারী—যেমন সাফাই কর্মী, আইসিডিএস কর্মী, স্বাস্থ্যকর্মী, প্যারা-টিচার ও সিভিক ভলেন্টিয়ারদের বেতন অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। বিজেপি সরকার গঠিত হলে তাঁদের সাম্মানিক বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এছাড়াও, তিনি জানান যে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের কাজ সম্পূর্ণ করে তা কার্যকর করা হবে। এর ফলে গ্রুপ বি ও সি কর্মচারীদের বেতন প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে দাবি করেন শংকর ঘোষ। রাজ্যে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়া নিয়েও সরব হন বিজেপি প্রার্থী। তিনি বলেন, ২০১১ সাল থেকে বহু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া কার্যত বন্ধ। দুর্নীতির কারণে অনেক প্রার্থী পরীক্ষায় বসার সুযোগ পাননি। সেই কারণে বয়সসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
একই সঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি কর্মচারীদের অসম্মান করার অভিযোগ তুলে তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনে এর জবাব দেবেন রাজ্যের মানুষ ও কর্মচারীরা।

