শ্রাবণ মাস পড়তেই শিবভক্তদের ভক্তি ও ফ্যাশনের সংমিশ্রণে জমজমাট হয়ে উঠেছে বাজার। গেরুয়া রঙের টি-শার্ট ও গেঞ্জিতে আঁকা মহাদেবের ছবি এবং বিভিন্ন শ্লোক লেখা পোশাক এখন ট্রেন্ডিং। শিলিগুড়ির বিভিন্ন বাজারে শিবভক্তদের ভিড় চোখে পড়ার মতো।বস্ত্র বিক্রেতারা জানাচ্ছেন, শ্রাবণ মাস উপলক্ষে গেরুয়া রঙের টি-শার্ট, পাঞ্জাবি, কুর্তা ও গেঞ্জির বিপুল চাহিদা তৈরি হয়েছে। শুধু ছেলেদের জন্যই নয়, মহিলাদের জন্যও কুর্তি ও গেঞ্জির বিশাল সংগ্রহ রাখা হয়েছে। অনেক পোশাকে মহাদেবের ছবি, আবার কিছু জামায় শ্লোক লেখা থাকায় ভক্তরা নিজেদের পছন্দমতো নির্বাচন করতে পারছেন। এমনকি গেরুয়া রঙের মানানসই প্যান্টও রয়েছে দোকানে।

হিন্দু পুরাণ অনুসারে, শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অতি প্রিয়। এই মাসেই তিনি হলাহল বিষ পান করেছিলেন, সেই স্মরণেই ভক্তরা শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করেন। জল্পেশ মন্দির বা বাবাধামে জল ঢালতে যাওয়ার আগে অনেকেই এই বিশেষ টি-শার্ট পরে যাচ্ছেন।
বিক্রেতারা জানান, “বাঙালির প্রথম সোমবার সবে গেছে, তবে তার অনেক আগেই বিক্রি শুরু হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারে চাহিদা বেশি। নতুন প্রজন্ম শিবের ছবি আঁকা জামা এবং শ্লোক লেখা গেঞ্জির প্রতি বিশেষ আকৃষ্ট হচ্ছে। এটাই এখন বাজারের সবচেয়ে বড় ট্রেন্ড।”
বাজারে ক্রেতাদের ভিড় লেগেই থাকছে, ফলে খুশি ব্যবসায়ীরা। তারা আশাবাদী, আগামীতেও এই ট্রেন্ড বজায় থাকলে বিক্রি আরও বাড়বে।

