বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি শহরের হাসপাতাল মোড় এলাকায় এক চাঞ্চল্যকর পথদুর্ঘটনার ঘটনা ঘটেছে। একটি বেসরকারি স্কুল বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি খাবারের দোকান, পার্কিংয়ে রাখা একাধিক মোটরবাইক এবং একটি টোটোকে সজোরে ধাক্কা মারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাস চালক হঠাৎ শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন। অভিযোগ, তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ায় গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ হারান। এর জেরে বাসটি হসপিটাল সংলগ্ন একটি খাবারের স্টল এবং পার্কিংয়ে থাকা বাইকের উপর উঠে যায়। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা গুরুতরভাবে আহত হন।

আহত ওই মহিলা ও বাস চালককে দ্রুত উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনায় বড়সড় প্রাণহানির খবর না মিললেও একাধিক মোটরবাইক, একটি টোটো এবং একটি খাবারের দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

