শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০ কেজি গাঁজা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চারজন দক্ষিণবঙ্গে গাঁজা পাচারের উদ্দেশ্যে টার্মিনাসে জড়ো হয়েছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই কোচবিহারের শীতলকুচির বাসিন্দা। ধৃতদের নাম দ্বীপজাত বর্মন, আজিজুর রহমান, দুর্যোধন নব দাস ও সঞ্জয় দাস। চারটি আলাদা ব্যাগে গাঁজা লুকিয়ে তারা পাচারের চেষ্টা করছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।
পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।

