গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বেঙ্গল এক্সাইজ মঙ্গলবার ভোর বেলায় শিলিগুড়ি প্রধান নগর এলাকায় দুটি গাড়ি আটক করে প্রচুর বেআইনি মদ উদ্ধার করল। ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অঙ্কিত কুমার মহারাজ, অনিল কুমার পাশওয়ান, রাম বাবু পাসোয়ান এবং অরবিন্দ কুমার সিং। ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা।

জানা গিয়েছে , আবগারি বিভাগের এই অভিযানে মোট ৬৪৮ লিটার মদ উদ্ধার হয়েছে। আবগারি বিভাগ জানিয়েছে, বাঁধাকপি এবং ফুলকপির আড়ালে সিকিম থেকে বিহার যাচ্ছিল ওই মদ। একটি আর্টিগা গাড়ি ও একটি বোলেরো পিকআপে করে ওই মদ পাচার হচ্ছিল। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ কুড়ি হাজার টাকা। সবচেয়ে অবাক করা বিষয় বোলেরো পিকআপ গাড়িতে বাঁধাকপির আড়ালে বেআইনিভাবে ওই মদ পাচার হচ্ছিল। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আবগারি বিভাগ। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।
জানা গিয়েছে এই অভিযানে মোট ৭২ কার্টুন মদ উদ্ধার হয়। আরটিকা গাড়ির ভেতরে ছিল দশ কার্টুন মদ এবং বোলেরো পিকআপ গাড়ির ভেতরে ছিল ৬২ কার্টুন মদ।

