শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন গোড়া মোড়ে শনিবার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০তম জন্মদিন শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হলো। সকাল থেকেই রাজবংশী সমাজের মানুষেরা সহ বিভিন্ন সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই উপলক্ষে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত অতিথিরা মহান সমাজ সংস্কারক পঞ্চানন বর্মার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন এবং রাজবংশী সমাজের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তীব্রওয়াল, বিশিষ্ট সমাজসেবী জে পি কানোদিয়া সহ রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
বক্তারা বলেন, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ হিসেবে পঞ্চানন বর্মার ভূমিকা আজও সমাজকে পথ দেখায়। তাঁর আদর্শকে সামনে রেখে সমাজের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চানন বর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজবংশী সমাজের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।

