গতকাল কলকাতায় নাগরিক সমাজের মিছিলে হামলার প্রতিবাদে আজ শিলিগুড়িতে ধিক্কার মিছিলের আয়োজন করে নাগরিক সমাজ। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিং পুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সফদর হাসমি চকের দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু মিছিল সফদর হাসমি চকে পৌঁছতেই প্রতিবাদে রাস্তায় নামেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ির ইস্ট বেঙ্গল রোড এলাকায়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে আটকে দেয়। কিছুক্ষণ পর বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা ইস্ট বেঙ্গল রোডে এসে নাগরিক সমাজের মিছিল লক্ষ্য করে বিক্ষোভ ও স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।
দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

