শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় সংলগ্ন নরেশ মোড় এলাকায় চোরের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। একাধিকবার চুরির ঘটনা ঘটার পর অবশেষে হাতেনাতে ধরা পড়ল এক অভিযুক্ত চোর। উত্তেজিত জনতার হাতে পড়ে তাকে মারধর করা হয়। পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই নরেশ মোড় এলাকায় চুরির ঘটনা লেগেই রয়েছে। শুধু রাতেই নয়, দিনের আলোতেও চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ। গত শনিবার রাতে এক বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে চোরের একটি দল। তারা বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়েছেন কি না তা নিশ্চিত করতে মুখে জল ছেটায়। তবে বাড়ির লোকজন জেগে ওঠায় চোরেরা কিছু না নিয়েই পালিয়ে যায়।

এরপর রবিবার ভোরে ফের বৃষ্টিকে কাজে লাগিয়ে একই বাড়িতে ফের চুরির উদ্দেশ্যে ঢুকে পড়ে চোরেরা। তারা বাড়িতে মজুত রাখা দোকানের বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয়। পরদিন সকালে চুরির ঘটনা সামনে আসে। প্রায় লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে জানান তারা ।
পরে, এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুবককে। স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে দাবি। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ এবং ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীদের অভিযোগ, আশিঘর ফাঁড়ি কাছেই থাকা সত্ত্বেও কীভাবে এমন ধারাবাহিক চুরির ঘটনা ঘটছে, তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

