তৃণমূলের সহযোগিতায় দুর্নীতি করার অভিযোগ উঠল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে। মালদার মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে বিডিও-র দ্বারস্থ হলেন ওই পঞ্চায়েতেরই বিজেপির উপপ্রধান সহ চার পঞ্চায়েত সদস্য। জানা গেছে, ধরমপুর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে কংগ্রেস এবং বিজেপির মিলিজুলি বোর্ড রয়েছে। পঞ্চায়েত প্রধান রয়েছেন কংগ্রেস দলের। উপপ্রধান রয়েছেন বিজেপির। এবং বিরোধী আসনে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এহেন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে লিচ পিট তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এই দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির উপপ্রধান সহ চার পঞ্চায়েত সদস্য।

তাদের অভিযোগ, বিগত দিনে এসবিএম ফান্ডের অর্থ বরাদ্দে ৬০টি লিচ পিট তৈরির টেন্ডার হয়েছিল। কিন্তু জায়গা না পাওয়ার কারণে মাত্র ২০টি লিচ পিট তৈরি করা হয়েছে। যে ২০টি লিচ পিট তৈরি হয়েছে তাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রতিটি লিচ পিটের জন্য ৪৫ হাজার টাকা বরাদ্দ থাকলেও, কাজ হয়েছে মাত্র ২০-২৫ হাজার টাকার। এরমধ্যেই ফের নতুন করে ১০০টি লিচ পিট তৈরির জন্য কংগ্রেসের পঞ্চায়েত প্রধান টেন্ডার করতে চলেছেন। যার বিরোধীতা করছেন তারা। কারণ ফের তৃণমূলের সহযোগিতায় লিচ পিট তৈরিতে দুর্নীতি করা হবে। তাই তারা বিডিওর দ্বারস্থ হয়েছেন। বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত দাবী করছেন। যদিও বিজেপির তোলা অভিযোগ সাফ অস্বীকার করেছেন কংগ্রেস এবং তৃণমূল দুপক্ষের নেতৃত্বই। ধরমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতার দাবী লিচ পিট তৈরিতে কোন দুর্নীতি হয়নি। এই কাজের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। তাই তারা উন্নয়নমূলক কাজের সমর্থনে আছেন।

