মাত্র ২০ দিন আগেই যে কংক্রীট ঢালাই রাস্তা তৈরি হয়েছিল, ইতিমধ্যে সেই রাস্তার কংক্রীট ঢালাই উঠতে শুরু করেছে। জায়গায় জায়গায় কংক্রীট উঠে রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। যার প্রতিবাদে বুধবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার রতুয়া-১নং ব্লকের চৌধুরী মোড় এলাকার বাসীন্দারা। জানা গেছে, রতুয়া-১নং ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের চৌধুরী মোড় এলাকায় মাত্র ২০ দিন আগেই একটি কংক্রীট ঢালাই রাস্তা তৈরি করা হয়। পঞ্চায়েতের অর্থ বরাদ্দে কাজ করেন স্থানীয় এক ঠিকাদার সংস্থা। কিন্তু কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় ২০ দিন যেতে না যেতেই কংক্রীট ঢালাই রাস্তার বুক থেকে কংক্রীটের আন্তরুণ উঠতে শুরু করে। জায়গায় জায়গায় রাস্তায় খানাখন্দ তৈরি হয়।

এই বিষয়ে স্থানীয়রা পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করে নতুন করে রাস্তা তৈরির দাবী জানান। এরমধ্যেই বুধবার সকালে ঠিকাদার সংস্থার লোকজনেরা রাস্তার কিছু কিছু অংশ মেরামতির কাজ শুরু করেন। যা দেখে স্থানীয়রা রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন। তারা দায়সারা মেরামতির পরিবর্তে নতুন করে রাস্তা তৈরির দাবীতে রতুয়া-ভালুকা রাজ্য সড়ক অবরোধ করেন। পুলিশ গিয়েও অবরোধ তুলতে ব্যর্থ হয়। শেষমেশ রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু শোয়েব আলি ঘটনাস্থলে ছুটে যান। তিনি গ্রামবাসীদের নতুন করে রাস্তার কাজ করার আশ্বাস দিয়ে প্রায় দুঘন্টা পর অবরোধ তুলতে সক্ষম হন।

