সিডিউল মেনে কাজ করছে না ঠিকাদার। রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীর একাংশ। প্রতিবাদ করলে গ্রামবাসীকে হুমকি ঠিকাদারের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতোল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পথশ্রী ৪ প্রকল্পে ১ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দে জনমদল সিংহিয়া মাঠ থেকে কতোল বেলিয়া পুকুর পর্যন্ত ১.৭০ কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। অভিযোগ,ঠিকাদার সরকারি সিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে কাজ করছে।

প্রথম স্তরে বালি ও পাথরের মিশ্রণ ছ’ইঞ্চি পুরু করার কথা থাকলেও তা করছে না ঠিকাদার। কোথাও বালি দিয়েছে তো পাথর নেই। আবার কোথাও পাথর দিয়েছে তো বালি নেই। মাত্র তিন-চার ইঞ্চি পুরু করছে প্রথম স্তর। নিয়ম মেনে রাস্তায় জল দিয়ে রোলিং করছে না। দায়সারা কাজ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিকাদার। এই রাস্তা বেশিদিন টিকবে না। স্থানীয় বাসিন্দা সেখ জৈনাল আবেদিন,
মহম্মদ নাহারুল হক ও আবজল করিমরা বলেন,এই রাস্তার দাবিতে একাধিকবার আন্দোলন হয়েছে। স্বাধীনতার পর প্রথম হচ্ছে এই রাস্তা। ঠিকাদার মর্জি মাফিক কাজ করছে। সিডিউল দেখাতে বললে জেলায় যেতে বলছে। রাস্তায় সামান্য বালি দিয়ে খুব কম পরিমাণ পাথর দিচ্ছে। চরম দুর্নীতি করছে ঠিকাদার। সিডিউল মেনে কাজ না করলে কাজ বন্ধ থাকবে। যদিও ঠিকাদার কাশফুল হোদা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি বলেন সিডিউল মেনে কাজ হচ্ছে। স্থানীয়রা পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে। এই কাজের দায়িত্বে থাকা জেলার সহকারী ইঞ্জিনিয়ার মানস দাস বলেন, সিডিউলে প্রথম স্তর ছ’ইঞ্জিন পুরু করার কথা রয়েছে। রাস্তার কাজ পরিদর্শনে যাব। দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

