মালদহ/বাগডোগরা, শুক্রবার: মোথাবাড়ি কাণ্ডে তদন্তে বড় সাফল্য পেল তদন্তকারী সংস্থা। মূল অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে তাঁর সহযোগী হিসেবে অভিযুক্ত আক্রামুল বাগানিকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গ্রেপ্তার এড়াতে মোফাক্কেরুল ইসলাম বিমানপথে বেঙ্গালুরু পালানোর পরিকল্পনা করেছিলেন। শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে ইন্ডিগোর বিমানে ওঠার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে ওত পেতে থাকা তদন্তকারীরা তাঁকে পাকড়াও করে।

পুলিশ ও সিআইডি সূত্রে জানা গিয়েছে, আগে থেকেই তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। বিমানবন্দরে পৌঁছানোর পরই তাঁকে চিহ্নিত করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বাগডোগরা থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী সময়ে ট্রানজিট রিমান্ডে মালদহে নিয়ে গিয়ে জেরা করা হবে বলে জানা গিয়েছে।
এদিকে, এই মামলায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী আক্রামুল বাগানিকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই দু’জনকে জেরা করেই ঘটনার নেপথ্যে থাকা আরও ব্যক্তিদের নাম সামনে আসতে পারে।
প্রশাসনের মতে, এই গ্রেপ্তারি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে। এখন ধৃতদের জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর তদন্তকারী মহলের।

