মাঝ বয়সী মহিলার বাড়িত্য ঘরের মধ্যে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার! আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় খুনের অনুমান পরিবারবর্গ সহ গ্রামবাসীরা। শুক্রবার সাত সকালে এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার থানার মিলকি অঞ্চলের খাসকোল কীর্তনভিটা এলাকায়। জানা গেছে, মৃত মহিলার নাম দয়া চৌধুরী। বয়স ৪৬ বছর। তার দুই মেয়ে এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলে কর্মসূত্রে ভিনরাজ্যে রয়েছে। স্বামী গত এক বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তাই মহিলা একাই বাড়িতে থাকতেন। বড়ি ও নারু বিক্রি করে সংসার চালাতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি মেয়েদের সঙ্গে ফোনে কথা বলে ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার সকালে গোয়ালা তার বাড়িতে দুধ দিতে যান। অনেক ডাকাডাকি করেন। কিন্তু তিনি ঘর খোলেন নি। এরপর তার এক মেয়ে সহ পাড়া প্রতিবেশিরা গিয়ে ঘরের দরজা ভাঙেন। আর দরজা ভাঙতেই তাদের চোখ কপালে ওঠে। তারা লক্ষ্য করেন ঘরের মেঝেতে দয়া চৌধুরী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। গোটা ঘর রক্তে ভেসে গেছে। পাশেই পড়ে রয়েছে একটি ইট। যা দেখে পরিবারবর্গ সহ গ্রামবাসীরা সন্দেহ করেন, কেউ বা কারা ওই মহিলাকে খুন করেছে। যদিও খুনের কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেন নি। এদিকে এই খবর পেয়ে মিলকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

