টানা কয়েক দিনের বৃষ্টিতে একেবারে ফুলে ফেঁপে উঠেছে মালদার মহানন্দা। প্রায় বিপদ সীমা দিয়ে বইছে মহানন্দা। এই অবস্থায় ইংলিশ বাজার পৌরসভার ৮,৯,১২,১৩ নম্বর ওয়ার্ডের প্রায় দুই শতাধিক বাড়ি এই মুহূর্তে জল মগ্ন সেইসঙ্গে বেশ কিছু এলাকা জল মগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইংলিশ বাজার এবং পুরাতন মালদা পৌরসভার মাঝ বরাবর বয়ে গেছে মহানন্দা। আর এই মহানন্দার দুই পাড়ে বসবাস প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবারের। তার মধ্যে ইতিমধ্যে ইংলিশ বাজার পৌরসভার এই ৪ টি ওয়ার্ডের দুই শতাধিক বাড়ি জল মগ্ন। প্রতি বছর তাদের মহানন্দার জলে প্লাবিত হতে হয়।

রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্ত বন্যা দুর্গতদের জন্য ফ্ল্যাড সেন্টারের ব্যবস্থা করা হলেও এটা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠছে। সেই সঙ্গে বন্যা দুর্গতদের জন্য কোন রকম সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়নি এখনো ফলে ক্ষোভ বাড়ছে বন্যা দুর্গতদের মধ্যে। যদিও এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার দাবি বন্যা দুর্গতদের থাকার ব্যবস্থা সহ সরকারি সমস্ত রকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দল নেতা অম্লান ভাদুরির দাবি,প্রতি বছরই মহানন্দার নদীর জল বাড়ে তখন নদীর পাড়ে যারা বাস করে তারা ডুবে যায়। সে ক্ষেত্রে ইংলিশ বাজার পৌরসভার যে ভূমিকা সেটা সঠিক ভাবে আমরা দেখতে পাইনা।

