আগুনে ভষ্মীভূত হয়ে চিন্তায় পড়েছেন দোকানদারেরা। ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন আসেন ধুপগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়, এলাকার প্রধান ছাড়াও জেলা তৃণমূল সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং। দুর্ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেনটিয়া রেলগেট সংলগ্ন বাজারে। অগ্নিকাণ্ডের জেরে প্রায় সাতটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলেই দাবি দোকানদারদের। স্থানীয় সূত্রে খবর গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় দোকানদারেরা।

অন্যদিকে মধ্যরাতে জানতে পারেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাজারে। তৎক্ষণাৎ বাড়ি থেকে বাজারে এলেও শেষ রক্ষা করতে পারেনি তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। তবে তার আগেই প্রায় সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এদিকে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়েছেন বেশ কয়েকটি দোকানদার। পরিবারকে নিয়ে কিভাবে এখন চলবেন সেই দুশ্চিন্তায় দিন গুনছে তারা। তবে তাদের সঙ্গে কথা বললে তারা জানান সরকারি সাহায্যের আর্জি রয়েছে তাদের। এদিকে ঘটনাস্থলে এসে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন যেহেতু ইলেকশনের মুহূর্ত তাই প্রশাসনিকভাবে কতটা সাহায্য করা যায় ক্ষতিগ্রস্তদের সেই বিষয়টি খতিয়ে দেখছেন তিনি। এ বিষয়ে এলাকার প্রধান মনিন্দ্র নাথ রায় বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

