আগরতলা অরুন্ধতীনগরের স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের গ্রাম স্বরাজ ভবনে পঞ্চায়েতীরাজ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, ভারতবর্ষের সার্বিক উন্নতিতে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বর্তমানে সারা দেশের মধ্যে ত্রিপুরার পঞ্চায়েতীরাজ ব্যবস্থা উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। কাজের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ত্রিপুরার গোমতী জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর আর.ডি ব্লক প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ২০২৪ – এ পুরস্কৃত হয়েছে। পঞ্চায়েত স্তরে উল্লেখযোগ্য কাজে স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা ৭টি জাতীয় পঞ্চায়েতীরাজ পুরস্কার পেয়েছে। ত্রিপুরার উন্নয়ন সঠিক দিশায় চলছে বলেই দেশের প্রায় আড়াই লক্ষ পঞ্চায়েতের মধ্যে ত্রিপুরার বিভিন্ন পঞ্চায়েত জাতীয় স্তরে পুরস্কৃত হচ্ছে।

