আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলাজুড়ে রাজনৈতিক তৎপরতা ক্রমশই জোরদার হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা এলাকায় গৃহ-সম্পর্ক অভিযান চালায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।এদিন বীরনগর টু অঞ্চলের কানাইনগর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন দলের নেতা-কর্মীরা। অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তারক ঘোষ সহ অন্যান্য কার্যকর্তারা।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের সমস্যা-অভিযোগ শোনা এবং আগামী নির্বাচনে সমর্থন চাওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তারক ঘোষ বলেন, “মানুষ দেড় হাজার টাকার ভাতা চাই না, মানুষ কর্মসংস্থান চায়।” তিনি দাবি করেন, কর্মসংস্থানের দাবিতেই আসন্ন নির্বাচনে মানুষ বর্তমান তৃণমূল সরকারকে বর্জন করবে। পাশাপাশি এলাকাবাসীর কাছে বিজেপির পাশে থাকার আবেদনও জানান তিনি।অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস দাবি করেছে, বিজেপিকে মানুষ ভোট দেবে না এবং “দিদি” পুনরায় মুখ্যমন্ত্রী হবেন।নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তরজা ও প্রচার অভিযানে সরগরম হয়ে উঠছে মালদা জেলার বিভিন্ন এলাকা।

