চলমান তীব্র তাপপ্রবাহের থেকে মানুষজন স্বস্তি পেতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন করা হলো ত্রিপুরা খোয়াই জেলা আশারাম বাড়িতে। রাত পর্যন্ত এই অনুষ্ঠানে শতাধিক গ্রামবাসী অংশ নেয়। গ্রামবাসীরা দুটি পুরুষ ও স্ত্রী ব্যাঙ ধরে তাদের বিয়ে দেয়। বিয়েতে ব্যান্ডপার্টি, অধিবাস, মঙ্গলাচরণ, এবং বৌভাত সব কিছুরই আয়োজন ছিল। ব্যাঙেদের বিয়ে দেওয়ার সময় গ্রামবাসীরা পুরো সময় ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই’ এই গান গেয়ে নেচেছেন।

ব্যাঙের বিয়ের অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন স্থানীয় মহিলারা। গ্রামের মহিলারা জানান, বৃষ্টি হবে কি না তা জানা নেই। কিন্তু, গ্রামের সকল মহিলারা তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। গ্রামের মহিলারা আরো জানান, তাদের পূর্বপুরুষরা ও চৈত্র মাসে তীব্র তাপ প্রবাহের হাত থেকে রক্ষা পেতে এই একই কাজ করতেন এবং বর্তমানেও গ্রামের মহিলারা তাদের পূর্বপুরুষদের অনুসরণ করেই বৃষ্টির জন্য এই ব্যাঙের বিয়ের আয়োজন করেছেন বলে জানান মহিলারা।

