শিলিগুড়ি পুরনিগমের ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবর্ষের সংশোধিত বাজেট নিয়ে আলোচনা সভা। সোমবার প্লাটিনাম জুবলি ভবনের অধিবেশন কক্ষে এই আলোচনা সভায় আয়োজন করা হয়।
এদিন শিলিগুড়িতে রাজ্যের তৃতীয় বৃহত্তম পুরসভার বাজেট ঘোষণা করা হয়। চলতি অর্থবর্ষে মোট ৬৩৮ কোটি ৪২ লক্ষ টাকার বাজেট পেশ করা হয়েছে, যা গত বছরের ৬২৩ কোটি ৪২ লক্ষ টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন পুরসভার মেয়র, চেয়ারপার্সন, শাসক দলের কাউন্সিলর ও বিরোধী দলের প্রতিনিধিরা।

বাজেটে শহরের সার্বিক উন্নয়ন ও পর্যটন বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে শিলিগুড়ির গুরুত্ব তুলে ধরে বাজেট অধিবেশন থেকে কেন্দ্র সরকারের কাছে শহরটিকে ‘জাতীয় গুরুত্বপূর্ণ শহর’ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি বহু ভাষাভাষী মানুষের সহাবস্থানের কারণে শহরটিকে “সিটি অফ ডাইভার্সিটি” ঘোষণা করার আবেদনও তোলা হয়। তবে বিরোধী দল কড়া সমালোচনা করেছে এই বাজেট নিয়ে। বাজেট পেশের পর বিরোধী দলের নেতৃত্ব পুরনিগমের বাজেটকে “বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও রাজনৈতিক প্রচারমূলক” বলে অভিযোগ তুলেছেন। বিরোধী কাউন্সিলররা বলেন, শহরের জল, নিকাশি, আবর্জনা ব্যবস্থাপনা ও ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাজেটে স্পষ্ট রোডম্যাপ নেই।
পর্যটন ও বড় প্রকল্পের কথা বলা হলেও সাধারণ নাগরিক পরিষেবা উন্নয়নে বরাদ্দ অপ্রতুল।
বাজেটে স্বচ্ছতা ও বাস্তবায়ন পরিকল্পনার অভাব রয়েছে।
বিরোধী নেতাদের দাবি, শুধুমাত্র বড় প্রকল্পের ঘোষণা নয়, নাগরিক পরিষেবার উন্নয়নে বাস্তব পদক্ষেপ জরুরি।

