রবিবার সকালে শিলিগুড়ি পৌরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের বাগড়াকোট এলাকায় একটি বস্তা থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা যায়। এতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন শিলিগুড়ি থানার পুলিশকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা দেখে, বস্তা থেকে শুধু ধোঁয়াই নয়, আগুনও বেরোচ্ছে। এরপর পুলিশ দমকল বিভাগে খবর দেয়। শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

তবে জল ছিটাতেই দেখা যায়, আগুন আরও বেড়ে যাচ্ছে। এতে দমকল কর্মীদের সন্দেহ হয় এবং তাঁরা বুঝতে পারেন যে বস্তার ভেতরে রয়েছে ক্যালসিয়াম কার্বাইড। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দমকল কর্মীরা বস্তাটিকে বালি দিয়ে চাপা দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর সঞ্জয় শর্মা। পরে দমকল কর্মীরা কার্বাইড ভর্তি বস্তাটি একটি গর্ত খুঁড়ে মাটির নিচে পুঁতে ফেলেন।
স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলর সঞ্জয় শর্মার অনুমান, এলাকার একটি সবজি ও ফলের বাজার রয়েছে। সম্ভবত কোনো ব্যবসায়ী আম বা কলা পাকানোর জন্য কার্বাইড এনে রেখেছিলেন। অসতর্কতাবশত বস্তাটি ফেলে দেওয়া হয়েছিল, যা থেকেই এই বিপত্তি।

