মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে চারটি চক্রের শিক্ষকদের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর হাই স্কুল মাঠে বইমেলার শুভ সূচনা হয়। বইয়ের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতেই এই বইমেলার আয়োজন করা হলেও, উদ্বোধনের দিনেই শুরু হয় বিতর্ক।
বইমেলার মঞ্চ বিন্যাস ও অতিথি নির্বাচনকে ঘিরে প্রাথমিক শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভের মুখে পড়েন হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তথা এই বইমেলার সভাপতি তারক মণ্ডল। শিক্ষকেরা তাঁর সামনে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন।

প্রাথমিক শিক্ষকদের অভিযোগ, উদ্বোধনী মঞ্চে প্রাথমিক বিদ্যালয়ের কোনও শিক্ষককে স্থান দেওয়া হয়নি। অথচ কিছু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, এখতিয়ার বহির্ভূতভাবে মঞ্চে ব্যবসায়ী ও তাঁর ছেলে সহ আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের ডাকা হয়। এতে প্রাথমিক শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে তাঁদের দাবি। এছাড়াও শিক্ষকদের অভিযোগ, টাকার বিনিময়ে ব্যবসায়ী ও তাঁর ছেলে সহ আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের মঞ্চে প্রধান অতিথি করা হয়েছে। এই পুরো বিষয়টির নেপথ্যে বইমেলার সম্পাদক তথা হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহমেদের ব্যক্তিগত সিদ্ধান্ত ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

