রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আমই এলাকায়। মৃতদের নাম পুতুল মন্ডল (৫৫) ও বিপ্লব মন্ডল (৩৫)।
জানা গিয়েছে, বিপ্লব মন্ডল পেশায় রংমিস্ত্রি ছিলেন। কাজের সূত্রে মাঝে মধ্যেই ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবেও যেতেন। পরিবারে বাবা-মা ছিলেন। বোনের বিয়ে আগেই হয়ে গিয়েছে। বিপ্লবের বাবা গুড় তৈরির কাজ করেন।


রবিবার দুপুরে বাড়ির রান্নাঘরে গ্যাস জ্বালানোর সময় আচমকা সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুনে বিপ্লবের শরীর জড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ হন মা পুতুল মন্ডলও। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে জানা গেছে।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে মার্সিবল চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও সিলিন্ডার বিস্ফোরণ হয়নি, তবে রান্নাঘর-সহ বাড়ির বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে অনুমান, গ্যাস পাইপে লিকেজের কারণেই আগুন লাগতে পারে।
খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *